ঢাকা-যশোর রুটে ফিরছে ইউএস-বাংলা

- আপডেট সময় : ০৮:৫৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
- / ৫০৯ বার পড়া হয়েছে
দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী ৯ সেপ্টেম্বর থেকে আবারও ঢাকা-যশোর রুটে ফ্লাইট চালু করছে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। বৃহত্তর যশোর অঞ্চলের যাত্রীদের দ্রুত বিমান যোগাযোগের চাহিদা বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সপ্তাহে তিন দিন—শনিবার, বুধবার ও বৃহস্পতিবার—এ রুটে মোট ছয়টি ফ্লাইট পরিচালনা করবে সংস্থাটি। প্রতিদিন দুটি করে ফ্লাইট চলবে।
ফ্লাইটগুলোতে ৭২ আসনের এটিআর ৭২-৬০০ উড়োজাহাজ ব্যবহার করা হবে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, প্রথম ফ্লাইট সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে সকাল ১০টা ১৫ মিনিটে যশোরে পৌঁছাবে। ১০টা ৪৫ মিনিটে যশোর থেকে ছেড়ে ফ্লাইটটি ১১টা ৩০ মিনিটে ঢাকায় ফিরবে। দ্বিতীয় ফ্লাইট বিকেল ৪টা ৪৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে ৫টা ৩০ মিনিটে যশোরে পৌঁছাবে। এরপর সন্ধ্যা ৬টায় যশোর থেকে ছেড়ে ৬টা ৪৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
এ রুটে ইউএস-বাংলার সর্বনিম্ন একমুখী ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৭৪৯ টাকা। আর আসা-যাওয়ার সর্বনিম্ন ভাড়া ১১ হাজার ৪৯৮ টাকা। নির্ধারিত ভাড়ার মধ্যে প্রযোজ্য কর ও সারচার্জ অন্তর্ভুক্ত রয়েছে। ২০১৪ সালের ১৭ জুলাই ঢাকা-যশোর রুটে ফ্লাইট পরিচালনার মাধ্যমে অভ্যন্তরীণ যাত্রা শুরু করেছিল ইউএস-বাংলা এয়ারলাইন্স। বর্তমানে ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট, সৈয়দপুর ও রাজশাহী রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।
এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা, শিক্ষা ও পর্যটনসহ বিভিন্ন প্রয়োজনে যশোর অঞ্চলের মানুষের ঢাকার সঙ্গে দ্রুত যোগাযোগের চাহিদা রয়েছে। এ কারণেই রুটটি পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রী চাহিদা ও বাজার পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতে ঢাকা-যশোর রুটে ফ্লাইটের সংখ্যা বাড়ানোর বিষয়টিও বিবেচনা করা হবে বলে জানিয়েছে ইউএস-বাংলা।






























