৪০ দেশের প্রতিনিধির অংশগ্রহণে আশেকে রাসুল সম্মেলন

- আপডেট সময় : ০২:৪০:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
- / ৫১১ বার পড়া হয়েছে
ঈদে মিলাদুন্নবীর বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো বন্ধ করে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি ভালোবাসা প্রদর্শনের আহ্বান জানিয়েছেন মোহাম্মদী ইসলামের নেতৃত্ব প্রদানকারী ইমাম প্রফেসর ড. কুদরত এ খোদা।
হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ১৫০১তম শুভ জন্মদিন উপলক্ষে আয়োজিত র্যালির আগে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। আয়োজকদের তথ্য অনুযায়ী, বর্ণাঢ্য এই র্যালিতে লক্ষাধিক আশেকে রাসুল অংশ নেন।
এর আগে অনুষ্ঠিত হয় দিনব্যাপী আশেকে রাসুল সম্মেলন। এতে দেশের বিভিন্ন দরবারের পির সাহেবদের পাশাপাশি বিশ্বের প্রায় ৪০টি দেশের প্রতিনিধি অংশ নেন। সম্মেলনে কুদরত এ খোদা বলেন, ঈদে মিলাদুন্নবী আশেকে রাসুলদের জন্য সবচেয়ে আনন্দের দিন। তার দাবি, দীর্ঘদিন মুসলিম জাতি এই আনন্দ উদযাপনের সুযোগ থেকে বঞ্চিত ছিল।
তিনি আরও বলেন, হজরত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্ম ও ওফাতের তারিখ নিয়ে প্রচলিত ধারণার বিষয়ে ঐতিহাসিক দলিল উপস্থাপন করে সৈয়দ মাহবুব-এ-খোদা দেওয়ানবাগী রহমাতুল্লাহি আলাইহি ভিন্ন মত তুলে ধরেছেন। সম্মেলনে বক্তারা দেওয়ানবাগী হুজুরের বিভিন্ন সংস্কারমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। তাদের দাবি, তার দীর্ঘদিনের প্রচেষ্টার ফলে বাংলাদেশ সরকার রাষ্ট্রীয়ভাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন শুরু করেছে।
আশেকে রাসুল সম্মেলনে দেশবরেণ্য আলেমদের পাশাপাশি বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিরাও বক্তব্য দেন। বক্তারা ঈদে মিলাদুন্নবীকে কেন্দ্র করে পারস্পরিক বিদ্বেষ ও বিভাজন পরিহার করে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি ভালোবাসা ও সম্মান প্রদর্শনের ওপর গুরুত্বারোপ করেন।
দিনব্যাপী সম্মেলন শেষে বর্ণাঢ্য র্যালিতে অংশ নেন বিপুলসংখ্যক আশেকে রাসুল। নানা আয়োজনের মধ্য দিয়ে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্মদিন উদযাপন করেন তারা। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, মহানবীর জীবন, আদর্শ ও মানবিক শিক্ষাকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়াই এসব আয়োজনের অন্যতম উদ্দেশ্য।



























