আরিফুলের ৬৬ রানও বাঁচাতে পারল না বাংলাদেশ এইচপিকে

- আপডেট সময় : ০৯:১৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
- / ৫০৯ বার পড়া হয়েছে
অ্যাডিলেড একাডেমির দেওয়া ১৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ এইচপি। আরিফুল ইসলামের ৬৬ রানের লড়াকু ইনিংসও শেষ পর্যন্ত দলকে জয়ের পথে রাখতে পারেনি। ৮ বলের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে ১৪৩ রানে অলআউট হয়েছে বাংলাদেশ এইচপি। ফলে অ্যাডিলেড একাডেমি পেয়েছে ২১ রানের জয়।
টুর্নামেন্টে টানা তিন ম্যাচ জয়ের পর চতুর্থ ম্যাচে এসে প্রথম হারের স্বাদ পেল বাংলাদেশ এইচপি। ১৬৫ রানের লক্ষ্য তাড়ায় ইনিংসের প্রথম বলেই জিসান আলমকে হারায় বাংলাদেশ। এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে। একপ্রান্তে আরিফুল ইসলাম লড়াই চালিয়ে গেলেও তাকে যথেষ্ট সঙ্গ দিতে পারেননি সতীর্থরা।
সাব্বির রহমান ৮ বলে ৫ এবং অধিনায়ক ইরফান শুক্কুর ৭ বলে ৫ রান করে আউট হন। মাত্র ১৭ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। পঞ্চম উইকেটে আরিফুলের সঙ্গে জুটি গড়েন শামীম হোসেন পাটোয়ারী। ১৮ বলে ১৮ রান করে শামীম ফিরলে আবারও ব্যাটিং বিপর্যয়ে পড়ে এইচপি। এরপর মাত্র ৮ বলের মধ্যে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় বাংলাদেশ।
শেষ পর্যন্ত ১৪৩ রানে শেষ হয় বাংলাদেশ এইচপির ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৬৬ রান করেন আরিফুল ইসলাম। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ১৬৪ রান সংগ্রহ করে অ্যাডিলেড একাডেমি। উদ্বোধনী জুটিতে তারা পায় ৩৪ রান। চতুর্থ ওভারে কন্নর ক্যারলকে বোল্ড করে জুটি ভাঙেন রুবেল। পরের ওভারেই জের্সিস ওয়াদিয়াকে বোল্ড করেন আবু হায়দার রনি।
এরপর বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মধ্যেও একপ্রান্ত আগলে রাখেন হেনরি হান্ট। ২৯ বলে ৩৫ রান করেন তিনি। শেষদিকে আর কোনো ব্যাটার বড় ইনিংস খেলতে না পারায় ১৬৪ রানেই থামে অ্যাডিলেডের ইনিংস। বাংলাদেশ এইচপির হয়ে আবদুল গাফফার সাকলাইন ৪টি এবং রুবেল ৩টি উইকেট নেন। আবু হায়দার রনি ও রাকিবুল নেন একটি করে উইকেট।




























