চেয়ারের পেছনে জাতীয় পতাকা প্রদর্শন বন্ধে হাইকোর্টের নির্দেশ

- আপডেট সময় : ০৮:৪৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
- / ৫১০ বার পড়া হয়েছে
সরকারি অফিস ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের চেয়ার বা সোফার পেছনে আইনবহির্ভূতভাবে জাতীয় পতাকা প্রদর্শন থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার এক আইনজীবীর করা রিটের শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
আদালতে রিট করেন আইনজীবী শরিফ সরকার। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এইচ এম সানজিদ সিদ্দিকী। আইনজীবী জানান, সাম্প্রতিক সময়ে বিভিন্ন সরকারি দপ্তরে কর্মকর্তাদের টেবিল বা চেয়ারের পেছনে জাতীয় পতাকা প্রদর্শন করতে দেখা যাচ্ছে। অথচ জাতীয় পতাকা বিধিমালা, ১৯৭২ অনুযায়ী এভাবে পতাকা প্রদর্শনের সুযোগ নেই।রিটের শুনানিতে বলা হয়, বিধিমালায় নির্দিষ্ট কয়েক শ্রেণির ব্যক্তি ও প্রতিষ্ঠানের জাতীয় পতাকা ব্যবহারের সুযোগ রয়েছে। ভবনে জাতীয় পতাকা প্রদর্শনের ক্ষেত্রেও নির্দিষ্ট নিয়ম রয়েছে। পতাকা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত প্রদর্শন করতে হবে এবং তা যথাযথভাবে উড়ন্ত অবস্থায় থাকতে হবে।
কিন্তু কর্মকর্তাদের চেয়ারের পেছনে বাঁকানো বা স্থির অবস্থায় পতাকা রেখে সামনে বসার বিষয়টি বিধিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে আদালতে তুলে ধরা হয়। শুনানি শেষে আদালত রুল জারি করে জানতে চান, সরকারি কর্মকর্তাদের পেছনে বা চেয়ারের পেছনে এভাবে জাতীয় পতাকা প্রদর্শনকে কেন বেআইনি ঘোষণা করা হবে না। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন আদেশে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা যেন তাদের চেয়ার বা সোফার পাশে আইনবহির্ভূতভাবে জাতীয় পতাকা প্রদর্শন না করেন, সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন আদালত।
এ ছাড়া জাতীয় পতাকা ব্যবহারের বিধিমালা যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, তা যাচাইয়ে তিন সদস্যের একটি কমিটি গঠনের জন্য মন্ত্রিপরিষদ সচিবকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। কমিটিতে একজন বিচারিক কর্মকর্তা, মন্ত্রিপরিষদ বিভাগের একজন প্রতিনিধি এবং একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে রাখতে বলা হয়েছে। কমিটিকে ৬০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।






























