২০ বছরের অধ্যায়ের ইতি, আন্তর্জাতিক ফুটবল ছাড়লেন মেসি

- আপডেট সময় : ১০:১৩:০০ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
- / ৫২৬ বার পড়া হয়েছে
আর্জেন্টিনার জাতীয় দলের জার্সিতে দীর্ঘ দুই দশকের পথচলার ইতি টানার ঘোষণা দিয়েছেন অধিনায়ক লিওনেল মেসি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্তের কথা জানান তিনি।
মেসি লিখেছেন, ফাইনালে খেলার কয়েকদিন পর অনেক ভেবেচিন্তে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। জাতীয় দল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত মেনে নেওয়া তার জন্য অত্যন্ত কঠিন ছিল এবং এখনো কষ্ট দিচ্ছে। তবে বর্তমান পরিস্থিতিতে এটাই উপযুক্ত সময় বলে মনে করছেন তিনি।
আর্জেন্টিনার হয়ে নিজের সর্বোচ্চটা দেওয়ার কথা উল্লেখ করে মেসি বলেন, শুধু সাফল্যের সময় নয়, জাতীয় দলের হয়ে শুরুর দিন থেকেই তিনি এই জার্সির জন্য লড়াই করেছেন। তার লক্ষ্য ছিল ফুটবলের মাধ্যমে দেশের মানুষকে আনন্দ দেওয়া এবং আর্জেন্টাইন হিসেবে তাদের গর্বিত করা। মেসি আরও বলেন, সময় ফুরিয়ে আসছে এবং একের পর এক অধ্যায় শেষ হয়ে যাচ্ছে। জাতীয় দলের হয়ে খেলাটা তিনি ভালোবেসেছেন এবং ভবিষ্যতেও ভালোবেসে যাবেন। তবে তার ভাষায়, ‘আমি আমার সবটুকু নিংড়ে দিয়েছি, আর দেওয়ার মতো কিছু বাকি নেই।’
তরুণ ও প্রতিভাবান ফুটবলারদের সুযোগ দেওয়ার কথাও উল্লেখ করেছেন আর্জেন্টাইন অধিনায়ক। দীর্ঘ ২০ বছর ভালোবাসা ও সমর্থনের জন্য সমর্থকদের ধন্যবাদ জানিয়ে মেসি বলেন, গ্যালারি থেকে সমর্থকদের চিৎকার তিনি ভীষণ মিস করবেন। তবে এখন থেকে একজন সাধারণ সমর্থকের মতো বাইরে থেকে জাতীয় দলকে সমর্থন ও উৎসাহ দিয়ে যাবেন।
পরিবার, কোচ, সতীর্থ ও কর্মকর্তাদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন আর্জেন্টিনার এই মহাতারকা। অগণিত স্মৃতি ও স্মরণীয় মুহূর্ত সঙ্গে নিয়ে শান্তি ও গর্বের সঙ্গে বিদায় নেওয়ার কথা জানিয়েছেন তিনি। শেষে মেসির আবেগঘন বার্তা—‘এগিয়ে যাও আর্জেন্টিনা!’


















