তথ্য মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

- আপডেট সময় : ১১:০১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
- / ৫২৫ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মো. আমানউল্লাহ আমান এমপির সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কার্যক্রমে জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। একইসঙ্গে মন্ত্রণালয়ের সব কার্যক্রম আরও স্বচ্ছতার সঙ্গে পরিচালনার বিষয়ে মত দেওয়া হয়। বৈঠকে অতীতের ১৭ বছরের বিভিন্ন গ্লানি থেকে বেরিয়ে এসে নতুন উদ্যমে মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করার ক্ষেত্রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকার কথাও উল্লেখ করা হয়।
এদিকে গত দুই বছরে রাজনীতিতে গালিগালাজের সংস্কৃতি চালু হয়েছে বলে বৈঠকে মন্তব্য করা হয়। এমন কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও মত দেওয়া হয়। এ ধরনের কর্মকাণ্ড থেকে সুরক্ষা দিতে সাইবার সিকিউরিটি অ্যাক্ট কার্যকর ভূমিকা রাখবে বলে বৈঠকে মত প্রকাশ করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। বৈঠকে মতপ্রকাশের স্বাধীনতার ওপরও গুরুত্ব দেওয়া হয়। জাতীয় প্রেস ক্লাব সাংবাদিকদের মতপ্রকাশ ও পেশাগত স্বাধীনতা চর্চার গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে উল্লেখ করে এর প্রয়োজনীয় সংস্কার ও মেরামতের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি প্রেস ক্লাবের অডিটোরিয়াম আরও সুন্দর ও আধুনিকায়নের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।
বৈঠকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর ও সংস্থাগুলোর সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়। বৈঠকে মন্ত্রণালয়ের মন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীসহ স্থায়ী কমিটির সদস্যরা অংশ নেন। উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব, অধিদপ্তরগুলোর মহাপরিচালক, সংশ্লিষ্ট সংস্থার প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা।

















