তারেক রহমানের অনুমোদনের অপেক্ষায় ছাত্রদলের নতুন কমিটি

- আপডেট সময় : ১২:২৭:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
- / ৫২১ বার পড়া হয়েছে
জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন নিয়ে বিএনপির অভ্যন্তরীণ আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, নতুন কমিটির একটি খসড়া বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে রয়েছে। তার অনুমোদনের পর যেকোনো সময় নতুন কমিটি ঘোষণা হতে পারে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো নির্দেশনা পাননি বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এর মধ্যেই বৃহস্পতিবার রাতে গুলশানে তারেক রহমানের সঙ্গে ছাত্রদলের বর্তমান শীর্ষ পাঁচ নেতার বিদায়ী সাক্ষাৎ নতুন কমিটি ঘোষণার জল্পনা আরও বাড়িয়েছে। সাক্ষাতের পর বর্তমান সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বিদায়ী বার্তা দেন।
দলীয় সূত্রের ভাষ্য, বিদায়ী সাক্ষাতে সাম্প্রতিক আন্দোলন-সংগ্রামে ছাত্রদলের ভূমিকা, ভবিষ্যৎ নেতৃত্ব এবং নতুন প্রজন্মকে দায়িত্ব দেওয়ার বিষয় নিয়ে আলোচনা হয়। দুই বছরের মেয়াদ শেষ হওয়ায় নতুন কমিটির প্রয়োজন দেখা দিয়েছে। ২০২৪ সালের ১ মার্চ রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি এবং নাছির উদ্দীন নাছিরকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। পরে ১৫ জুন ২৬০ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় সংসদের মেয়াদ দুই বছর।
নতুন নেতৃত্বের আলোচনায় একাধিক নেতার নাম রয়েছে। এর মধ্যে সহসভাপতি ইজাজুল কবির রুয়েল, সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান, এক নম্বর যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম জিসান, যুগ্ম সম্পাদক ইব্রাহিম খলিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খানের নাম আলোচনায় রয়েছে।
এর বাইরে আরও বেশ কয়েকজন নেতার নাম সম্ভাব্য নেতৃত্ব হিসেবে আলোচনায় রয়েছে। তবে শেষ পর্যন্ত কারা সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পাচ্ছেন, তা নির্ভর করছে বিএনপির শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তের ওপর। নেতাকর্মীদের প্রত্যাশা, আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত, ত্যাগী ও সাংগঠনিকভাবে দক্ষ নেতাদের পাশাপাশি নিয়মিত শিক্ষার্থী এবং সাধারণ শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য নেতৃত্বকে গুরুত্ব দেওয়া হবে।
বিদায়ী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তার বার্তায় দায়িত্ব পালনের সময় কোনো ভুলত্রুটি হয়ে থাকলে ক্ষমা চেয়েছেন। সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরও বলেছেন, পদ থেকে বিদায় নিলেও ছাত্রদল থেকে বিদায় নিচ্ছেন না। সবমিলিয়ে বর্তমান নেতৃত্বের বিদায়ী সাক্ষাৎ ও বার্তার পর ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার অপেক্ষা আরও ঘনীভূত হয়েছে। এখন কেবল বিএনপির শীর্ষ নেতৃত্বের চূড়ান্ত সিদ্ধান্ত এবং আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।





























