চাকরির ভাইভায় নম্বর বাড়ানো নিয়ে ডাকসু নেতার প্রশ্ন

- আপডেট সময় : ১২:৪৮:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
- / ৫৭০ বার পড়া হয়েছে
সরকারি চাকরিতে ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারী নিয়োগে মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর উদ্যোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তীব্র বিতর্ক। একই সঙ্গে লিখিত পরীক্ষায় পাস নম্বর কমানোর উদ্যোগ নিয়েও ক্ষোভ প্রকাশ করছেন চাকরিপ্রার্থী ও শিক্ষার্থীরা।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সমাজসেবা সম্পাদক এ.বি জুবায়ের। মঙ্গলবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, লিখিত পরীক্ষার নম্বর কমিয়ে আশঙ্কাজনকভাবে ভাইভার নম্বর বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এ.বি জুবায়ের বলেন, এতে চাকরিপ্রার্থীদের ক্ষতির পাশাপাশি দেশেরও বড় ক্ষতি হবে। তাঁর আশঙ্কা, তুলনামূলক যোগ্য প্রার্থীরা বাদ পড়ে গিয়ে ঘুষ, সুপারিশ ও রাজনৈতিক বিবেচনায় নিয়োগের সুযোগ তৈরি হতে পারে।
তিনি আরও অভিযোগ করেন, দীর্ঘ সময় পর ক্ষমতায় এসে বিএনপি সরকার তৃতীয় ও চতুর্থ শ্রেণির চাকরিকেও বাণিজ্যিকীকরণের দিকে নিয়ে যাচ্ছে। জুবায়ের চাকরিপ্রার্থীসহ দেশবাসীকে এ বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান। তাঁর দাবি, এর আগে শিক্ষক নিবন্ধন নিয়োগের প্রক্রিয়া নিয়ে প্রতিবাদ হওয়ার পর সরকার সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছিল। এবারও একইভাবে সবাইকে সরব হওয়ার আহ্বান জানান তিনি।
এর আগে ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ষায় সমান ৫০ নম্বর রাখার সিদ্ধান্ত নিয়ে শিক্ষক, শিক্ষাবিদ ও চাকরিপ্রার্থীদের মধ্যে নানা প্রশ্ন দেখা দেয়। বিশেষজ্ঞদের কেউ কেউ আশঙ্কা প্রকাশ করেছেন, মৌখিক পরীক্ষায় নম্বরের ওজন বাড়লে নিয়োগ প্রক্রিয়ায় স্বজনপ্রীতি ও অনিয়মের সুযোগ তৈরি হতে পারে। তবে সরকারের পক্ষ থেকে এই উদ্যোগের উদ্দেশ্য ও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে বিস্তারিত ব্যাখ্যা এখনও সামনে আসেনি।















