যাত্রাবাড়ী থানার পুলিশ হেফাজত থেকে নারী আসামি পলাতক

- আপডেট সময় : ১১:২৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
- / ৫৪৫ বার পড়া হয়েছে
রাজধানীর যাত্রাবাড়ী থানায় হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে থাকা এক নারী আসামি কৌশলে পালিয়ে গেছেন। পলাতক ওই আসামির নাম মিতু আক্তার। বৃহস্পতিবার সকালে যাত্রাবাড়ী থানা থেকে গেটের তালা খুলে তিনি পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত মিতু আক্তারকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় নেওয়া হয়। বৃহস্পতিবারই তার রিমান্ডের শেষ দিন ছিল। দুপুরে তাকে আদালতে হাজির করার কথা ছিল।
তবে এর আগেই সকালে কৌশলে থানা থেকে বেরিয়ে যান মিতু। পুলিশ বলছে, নারী আসামিদের সাধারণত হ্যান্ডকাফ পরানো হয় না। এই সুযোগ কাজে লাগিয়েই তিনি থানা থেকে পালিয়ে যান। ডিএমপির ওয়ারি বিভাগের ডেমরা জোনের এডিসি মীর মুহসীন মাসুদ রানা জানান, মিতুকে হত্যা মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। হ্যান্ডকাফ না থাকার সুযোগে তিনি কৌশলে পুলিশ হেফাজত থেকে পালিয়ে গেছেন।
তিনি আরও জানান, আসামিকে খুঁজে বের করতে পুলিশ তল্লাশি চালাচ্ছে। শিগগিরই তাকে আবার গ্রেফতার করা সম্ভব হবে বলে আশা করছে পুলিশ। এদিকে কীভাবে মিতু থানা থেকে পালালেন এবং ওই সময় দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের ভূমিকা কী ছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।













