কালীগঞ্জে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ১৯৭ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

- আপডেট সময় : ০৮:৪৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
- / ৫৫৬ বার পড়া হয়েছে
ঝিনাইদহের কালীগঞ্জে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ১৯৭ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এইচ. এম. রোকনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রেজওয়ানা নাহিদ বলেন, “প্রাথমিক শিক্ষাই একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ জীবনের ভিত্তি তৈরি করে। আজ যারা বৃত্তি পেয়েছে, তারা নিজেদের মেধা ও পরিশ্রমের মাধ্যমে এই সাফল্য অর্জন করেছে। এ অর্জন শুধু তাদের জন্য নয়, তাদের পরিবার, শিক্ষক এবং পুরো উপজেলার জন্যও গর্বের বিষয়।”
তিনি শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে শিক্ষক ও অভিভাবকদের আরও আন্তরিক হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ সূত্রে জানা যায়, কালীগঞ্জ উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় মোট ১৯৭ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। এর মধ্যে ৭৬ জন ট্যালেন্টপুল এবং ১২১ জন সাধারণ বৃত্তি পেয়েছে।
অনুষ্ঠানের শেষপর্বে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা ইউএনও রেজওয়ানা নাহিদসহ অতিথিদের কাছ থেকে সার্টিফিকেট ও সম্মাননা ক্রেস্ট গ্রহণ করে। কৃতি শিক্ষার্থীদের এমন অর্জনে আনন্দিত অভিভাবক ও শিক্ষকরা তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।













