আমিরাতকে হারিয়ে সেমিতে বাংলাদেশ

- আপডেট সময় : ১২:০২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
- / ৫৬৯ বার পড়া হয়েছে
ব্যাটারদের ব্যর্থতার পর বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দুবাইয়ে অলিখিত কোয়ার্টার-ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে ৩৪ রানে হারিয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করে ১০৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে বাংলাদেশের বোলারদের দাপটে ৬৯ রানের বেশি করতে পারেনি স্বাগতিকরা। তিন ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের রানার্সআপ হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। বৃহস্পতিবার সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে তারা। অন্য সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে খেলবে শ্রীলঙ্কা।
ম্যাচে বাংলাদেশের জয়ের মূল নায়ক বোলাররা। নতুন বলে দুর্দান্ত বোলিং করে ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে ২ উইকেট নেন মারুফা আক্তার। চলতি আসরে তিন ম্যাচে তার শিকার এখন ৭ উইকেট। একাদশে ফিরে লেগ স্পিনে দারুণ পারফর্ম করেন রাবেয়া খান। ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে নেন ৩ উইকেট। নাহিদা আক্তার নেন ২ উইকেট। এছাড়া সুলতানা খাতুন ও ফাহিমা খাতুন নেন একটি করে উইকেট।
রান তাড়ায় শুরু থেকেই চাপে পড়ে আমিরাত। পাওয়ার প্লের ছয় ওভারে মাত্র ১৫ রান করে তারা, যা এবারের টুর্নামেন্টে সর্বনিম্ন। একপর্যায়ে মাত্র ৩৮ রানেই ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় স্বাগতিকরা। শেষ পর্যন্ত ৬৯ রানেই থামে তাদের ইনিংস। এর আগে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মাত্র ৮ রানে হারায় দুই উইকেট। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও জুয়াইরিয়া ফেরদৌসের জুটিতে কিছুটা ঘুরে দাঁড়ালেও ৫৫ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে দল।
সেখান থেকে বাংলাদেশের ইনিংস টেনে নেন শারমিন আক্তার সুপ্তা ও নাহিদা আক্তার। সপ্তম উইকেটে ৪৩ বলে ৪২ রানের জুটি গড়ে দলকে একশ পার করেন তারা। সুপ্তা ৩৮ রান করেন, আর নাহিদা ১৬ রানে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত ১০৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। এরপর বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সেই ৩৪ রানের জয় নিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় টাইগ্রেসরা।


















