কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে নতুন তিন মুখ

- আপডেট সময় : ১১:৩২:০৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
- / ৫২০ বার পড়া হয়েছে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ সিন্ডিকেটে নতুন তিন সদস্য মনোনীত হয়েছেন। তারা হলেন অধ্যাপক ড. শামসুজ্জামান মিলকী অধ্যাপক ড. রেজাউল করিম এবং অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন। শনিবার ২৬ সেপ্টেম্বর বিকেলে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১১১তম সিন্ডিকেট সভায় তাদের সদস্য হিসেবে মনোনীত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিন্ডিকেট সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, দুটি ক্যাটাগরিতে নতুন তিনজনকে সিন্ডিকেট সদস্য করা হয়েছে। এর মধ্যে ডিন ক্যাটাগরিতে কলা ও মানবিক অনুষদের ডিন ও বাংলা বিভাগের অধ্যাপক ড. শামসুজ্জামান মিলকী এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. রেজাউল করিমকে মনোনীত করা হয়েছে। অন্যদিকে অধ্যাপক ক্যাটাগরিতে রসায়ন বিভাগের অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রক্টর অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেনকে সিন্ডিকেট সদস্য করা হয়েছে।
উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম জানান, এর আগে অধ্যাপক ক্যাটাগরিতে সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন মার্কেটিং বিভাগের অধ্যাপক আমজাদ হোসেন সরকার। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের দায়িত্ব পাওয়ায় তার স্থলাভিষিক্ত হিসেবে অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেনকে মনোনীত করা হয়েছে। উপাচার্য আরও জানান, একই সভায় ডিন ক্যাটাগরিতে দুজনকে সিন্ডিকেট সদস্য হিসেবে নির্বাচিত করা হয়।
তারা হলেন কলা ও মানবিক অনুষদের ডিন ও বাংলা বিভাগের অধ্যাপক ড. শামসুজ্জামান মিলকী এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. রেজাউল করিম। নতুন সদস্যদের অন্তর্ভুক্তির মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে ডিন ও অধ্যাপক ক্যাটাগরির সংশ্লিষ্ট প্রতিনিধিত্বে পরিবর্তন এসেছে।

















