ভুয়া সিআইডি পরিচয়ে অপহরণের চেষ্টা, ৭ সদস্য গ্রেফতার

- আপডেট সময় : ০৯:০৫:০৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
- / ৫২৭ বার পড়া হয়েছে
মাগুরার শ্রীপুরে ভুয়া সিআইডি পরিচয়ে অপহরণ ও প্রতারণার অভিযোগে একটি চক্রের সাত সদস্যকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে শ্রীপুর থানার নাকোল পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর থানা ও নাকোল ক্যাম্পের এসআই মো. আব্দুল মালেকের নেতৃত্বে রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে চক্রটির সাত সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে অপরাধে ব্যবহৃত ‘সিআইডি’ লেখা চারটি জ্যাকেট, একটি খেলনা পিস্তল, একটি নোহা মাইক্রোবাস এবং আটটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—ঝিনাইদহ সদর উপজেলার পাগলাখানা গ্রামের আসমা খাতুন, হাসানুজ্জামান হাছান ও ওসমান গনি; ঝিনাইদহের আরবপুর গ্রামের সালমান সাহ; ঝিনাইদহ সদর উপজেলার আড়মুখ গ্রামের সাকিব; কুড়িগ্রামের ভূরুঙ্গামারী এলাকার ছাব্বির হোসেন এবং মাগুরার শালিখা উপজেলার দেবিলা গ্রামের আল আমিন হোসেন।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্যও পাওয়া গেছে। এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে শ্রীপুর থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে অপরাধবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।













