সংসদে বক্তব্যে কেউ যেন আঘাত না পান: হুইপ নিজান

- আপডেট সময় : ১০:১৩:১৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
- / ৫৪৪ বার পড়া হয়েছে
সংসদে বক্তব্য দেওয়ার সময় এমন কোনো কথা বলা উচিত নয়, যাতে অন্য কেউ আঘাত পান বা বক্তব্য অশালীন হয়ে ওঠে। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার সাম্প্রতিক বক্তব্যকে ইঙ্গিত করে এমন মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান।
রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে মাদক দুর্নীতি ও আইনশৃঙ্খলাসহ বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। হুইপ নিজান বলেন, সংসদে কথা বলার সময় প্রত্যেক সংসদ সদস্যকে খেয়াল রাখতে হবে তার বক্তব্যে যেন অন্য কেউ আঘাতপ্রাপ্ত না হন। একই সঙ্গে বক্তব্য যেন অশালীন না হয় সে বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
সম্প্রতি সরকারের সমালোচনা করে সংসদে রুমিন ফারহানার দেওয়া বক্তব্যের প্রতিবাদে আশুগঞ্জ উপজেলা বিএনপি ঝাড়ু মিছিল করেছে। এ বিষয়ে জানতে চাইলে হুইপ বলেন, কারও বক্তব্যে কেউ সংক্ষুব্ধ বা আঘাতপ্রাপ্ত হয়ে থাকলে তাদেরও ধৈর্য ধরতে হবে। তিনি বলেন, সংসদে বিরোধীদলীয় নেতা এবং সংসদ নেতা বক্তব্য দিয়েছেন। সংসদ নেতা সবাইকে সহনশীল হওয়ার আহ্বান জানিয়েছেন। গণতন্ত্রের অন্যতম বৈশিষ্ট্য হলো ধৈর্য ধারণ করা। তাই কোনো বক্তব্যে কেউ সংক্ষুব্ধ হলে তাদেরও ধৈর্য রাখা উচিত।
এদিকে দেশের গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়েও কথা বলেন হুইপ নিজান। তিনি বলেন, অতীতে কত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে বা কোথায় কত অর্থ ব্যয় হয়েছে তা নিয়ে বারবার আলোচনা করে বর্তমান সংকটের সমাধান হবে না। জনগণ যে সংকটের মধ্যে রয়েছে তা থেকে উত্তরণের পথ খুঁজে বের করাই এখন মূল লক্ষ্য।
মাদকের বিস্তার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। হুইপের দাবি, পরিকল্পিতভাবে দেশে মাদক প্রবেশ করছে এবং এর প্রভাব ঘরে ঘরে পড়ছে। দেশ ও জাতিকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে কঠোর অবস্থান নেওয়ার প্রয়োজন রয়েছে। বৈঠকে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন এবং জেলা বিএনপির সহসভাপতি এ বি এম মোমিনুল হকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

















