সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক চায় হেফাজত

- আপডেট সময় : ১০:৩০:১৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
- / ৫২৫ বার পড়া হয়েছে
সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল ২০২৬ সংশোধনের দাবিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে চায় হেফাজতে ইসলাম বাংলাদেশ। এ জন্য সংগঠনটির আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর পক্ষ থেকে হেফাজত নেতা এবং ইসলামী ফিকাহ বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি প্রতিনিধি দল গঠনের সিদ্ধান্ত হয়েছে।
রোববার রাজধানীতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় হেফাজতের নেতারা বলেন, সম্প্রতি পাস হওয়া সম্পত্তি হস্তান্তরসংক্রান্ত নতুন আইনে মুসলিমদের হেবা বা দান নিয়ে আইনি জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। ইসলামী শরিয়া বিশেষজ্ঞদের মতামত না নিয়ে তড়িঘড়ি করে জাতীয় সংসদে বিলটি পাস করায় উদ্বেগ ও প্রতিবাদ জানান তারা।
হেফাজতের দাবি, সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল ২০২৬ কুরআন ও সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক। মুসলিম নাগরিকদের ব্যক্তিগত আইন ও ধর্মীয় বিধানের সঙ্গে সংশ্লিষ্ট কোনো আইন প্রণয়ন বা সংশোধনের ক্ষেত্রে আলেম-ওলামা এবং ইসলামী আইন ও ফিকাহ বিশেষজ্ঞদের যথাযথ পরামর্শ নেওয়া প্রয়োজন বলেও মত দেন তারা।
সভায় আইনমন্ত্রী ও চিফ হুইপের সাম্প্রতিক বক্তব্যেরও নিন্দা জানানো হয়। হেফাজত নেতারা বলেন, কোনো বিষয়ে আপত্তি জানানো ব্যক্তিরা আইন পড়েছেন কি না এমন প্রশ্ন না তুলে তাদের আপত্তির শরিয়াগত ও আইনগত ভিত্তি যাচাই করা উচিত। তাদের মতে, মুসলিম নাগরিকদের ব্যক্তিগত আইন এবং শরিয়তসম্মত সম্পত্তি বণ্টনব্যবস্থার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা রাষ্ট্রের দায়িত্ব। তাই হেবা প্রথা ও মুসলিম উত্তরাধিকারীদের অধিকার সুরক্ষায় বিতর্কিত বিধান পুনর্বিবেচনা এবং প্রয়োজনীয় সংশোধনের দাবি জানিয়েছেন তারা।
এদিকে বিলটি সংশোধনের দাবিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে হেফাজতের অবস্থান তুলে ধরার সিদ্ধান্ত হয়েছে। প্রতিনিধি দলে হেফাজত নেতাদের পাশাপাশি ইসলামী ফিকাহ বিশেষজ্ঞদেরও রাখা হবে। হেফাজত নেতারা জানিয়েছেন, তারা শান্তিপূর্ণ ও আইনসম্মত উপায়ে বিলটির বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখবেন। একই সঙ্গে সরকারের প্রতি আলেম-ওলামা ও আইন বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে বিষয়টির গ্রহণযোগ্য সমাধানের আহ্বান জানিয়েছেন তারা।

















