ফের ফুঁসে উঠেছে তিস্তা
- আপডেট সময় : ১২:০১:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
- / ৫৬৯ বার পড়া হয়েছে
টানা ভারি বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে ফের ভয়ংকর রূপ নিয়েছে তিস্তা নদী। নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। সোমবার রাত ৮টায় নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এ সময় পানি প্রবাহের উচ্চতা ছিল ৫২ দশমিক ২৫ সেন্টিমিটার।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, কয়েক ঘণ্টার ব্যবধানেই তিস্তায় দ্রুত পানি বেড়েছে। দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে পানি বেড়েছে ৮ সেন্টিমিটার এবং পরবর্তী দুই ঘণ্টায় আরও ৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টায় তিস্তার পানি আরও বাড়তে পারে। এতে নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রামের নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন,
- শাহ আমানত বিমানবন্দরে ৩ কোটি ৫৬ লাখ টাকার স্বর্ণসহ যাত্রী আটক
- বাসন থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামি গ্রেপ্তার
- ঘুষ, হয়রানি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত শিক্ষা কর্মকর্তা
ইতোমধ্যে ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিশা চাপানীসহ বিভিন্ন ইউনিয়নের নিম্নাঞ্চলে পানি প্রবেশ করতে শুরু করেছে। জলঢাকা উপজেলার কয়েকটি এলাকাতেও দেখা দিয়েছে প্লাবনের আশঙ্কা। স্থানীয়রা জানান, উজান থেকে আসা তিস্তায় ঘোলা পানি, গাছের ডাল, কাঠ ও কচুরিপানা ভেসে আসছে। চলতি বর্ষা মৌসুমে এরই মধ্যে কয়েক দফা তিস্তায় পানি বৃদ্ধি পেয়েছে।
আরও পড়ুন,
- বাসন থানার বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামি গ্রেপ্তার
- বরিশাল সফরের পথে গোপালগঞ্জে বহর থামিয়ে এমপি সেলিমুজ্জামান মোল্লাকে ডেকে নিলেন প্রধানমন্ত্রী
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পানি প্রবাহ স্বাভাবিক রাখতে তিস্তা ব্যারাজের জলকপাট খোলা রাখা হয়েছে। তবে পানি আরও বাড়লে লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুরের বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।















