বিএনপির বিরুদ্ধে এনসিপির লিখিত অভিযোগ
- আপডেট সময় : ১০:৪৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
- / ৫৬৩ বার পড়া হয়েছে
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা কর্মসূচিতে কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার অভিযোগে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে দলটি। বুধবার রাত ৮টার দিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল বাহুবল উপজেলার কামাইছড়া পুলিশ ফাঁড়িতে অভিযোগ জমা দেয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
অভিযোগ দায়েরকারী প্রতিনিধি দলে ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, ডা. মাহমুদা মিতু ও সারোয়ার আলম। এর আগে বুধবার দুপুর ৩টার দিকে মৌলভীবাজার সার্কিট হাউস থেকে ১৪৪ ধারা চলাকালেই হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন নাহিদ ইসলাম ও এনসিপির নেতারা। বিকেল সাড়ে ৪টার দিকে শায়েস্তাগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের ‘চা-কন্যা’ ভাস্কর্যের কাছে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের বহরের গতি রোধ করে।
এ সময় এনসিপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দীর্ঘক্ষণ বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে নেতাকর্মীরা ব্যারিকেড অতিক্রম করে সামনে এগিয়ে যান। তবে বাহুবল উপজেলার রশিদপুর গ্যাস ফিল্ড এলাকায় পৌঁছালে পুলিশ আবারও তাদের বহর থামিয়ে দেয়। একপর্যায়ে নাহিদ ইসলামসহ নেতারা গাড়ি থেকে নেমে সড়কে অবস্থান নেন। পরে দীর্ঘ আলোচনার পর পুলিশ কামাইছড়া পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দাখিলের অনুমতি দিলে তারা সেখানে গিয়ে অভিযোগ জমা দেন।

















