ভূমিকম্পে প্রস্তুত হবে ১ লাখ স্বেচ্ছাসেবক
- আপডেট সময় : ১০:১০:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
- / ৫৫১ বার পড়া হয়েছে
ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও দুর্যোগ মোকাবিলায় সরকারের প্রস্তুতি জোরদার করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এক উচ্চপর্যায়ের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত সভায় জাতীয় পর্যায়ে ভূমিকম্প মোকাবিলার প্রস্তুতি, জরুরি সেবা এবং সমন্বয় ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন জানান, সভায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত ও প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা, জাতীয় টাস্কফোর্স গঠন এবং প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জাম সরবরাহের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। তিনি জানান, ইতোমধ্যে ৭০ হাজার স্বেচ্ছাসেবকের ডাটাবেজ প্রস্তুত করা হয়েছে। খুব শিগগিরই আরও ৩০ হাজার স্বেচ্ছাসেবক অন্তর্ভুক্ত করা হবে।
সভায় ভূমিকম্প বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি বিশেষ ‘ভূমিকম্প প্রস্তুতি সেল’ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি দুর্যোগের সময় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় এবং ঢাকা শহরে হিউম্যানিটারিয়ান স্টেজিং এরিয়া (এইচএসএ) বা জরুরি ত্রাণ ও সহায়তা বিতরণের লজিস্টিক হাব স্থাপনের বিষয়েও আলোচনা হয়।
সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম. এ. মুহিত, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. সাইদুর রহমান খানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

















