সাইবার ক্রাইম সেলের সাফল্য, উদ্ধার ৬ লাখ ৪০ হাজার টাকার মোবাইল
- আপডেট সময় : ০৬:৫০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
- / ৫১৭ বার পড়া হয়েছে
মাগুরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের ধারাবাহিক অভিযানে উদ্ধার হওয়া ৩৫টি মোবাইল ফোন এবং বিকাশ প্রতারণার ৫০ হাজার টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে উদ্ধার হওয়া মোবাইল ফোন ও অর্থ ভুক্তভোগীদের হাতে তুলে দেওয়া হয়।
জেলা পুলিশ জানায়, গত জুন মাসে জেলার বিভিন্ন থানায় দায়ের হওয়া সাধারণ ডায়েরির ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ট্র্যাকিং করে প্রায় ৬ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৩৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। একই সঙ্গে বিকাশ প্রতারণার শিকার এক ভুক্তভোগীর ৫০ হাজার টাকাও উদ্ধার করতে সক্ষম হয় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা। তিনি বলেন, বর্তমানে মোবাইল ফোন শুধু যোগাযোগের মাধ্যম নয়, ব্যক্তিগত ও আর্থিক তথ্যের গুরুত্বপূর্ণ ভাণ্ডার। তাই মোবাইল হারিয়ে গেলে বা চুরি হলে দ্রুত নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি করার আহ্বান জানান তিনি।
পুলিশ সুপার আরও বলেন, তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে অপরাধ দমন এবং জনসেবা বৃদ্ধিতে মাগুরা জেলা পুলিশ নিরলসভাবে কাজ করছে। ভবিষ্যতেও এমন জনবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে। দীর্ঘদিন পর হারানো মোবাইল ও প্রতারণার টাকা ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ভুক্তভোগীরা। তারা জেলা পুলিশের দ্রুত পদক্ষেপ ও কার্যকর ভূমিকার প্রশংসা করেন।



























