মিরপুর, বাড্ডা ও যাত্রাবাড়ীতে সন্ধ্যায় অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ

- আপডেট সময় : ১০:২১:০৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
- / ৫২২ বার পড়া হয়েছে
রাজধানীতে সন্ধ্যায় পৃথক ঘটনায় তিনটি বাসে অগ্নিকাণ্ড এবং যাত্রাবাড়ীতে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন রিকশাচালক আহত হয়েছেন। শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে মিরপুর ১১ নম্বরের জমজম টাওয়ারের সামনে চলন্ত শিকড় পরিবহনের একটি বাসে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটির কারণে বাসটিতে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। একই সময়ে মিরপুর ১ নম্বরের আনসার ক্যাম্প এলাকায় অভিজাত পরিবহনের আরেকটি বাসে আগুনের ঘটনা ঘটে। স্থানীয়দের সহায়তায় দ্রুত আগুন নিভিয়ে ফেলা হয়। এ ঘটনায়ও কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।
এরপর রাত ৮টার দিকে মধ্য বাড্ডায় একটি গ্যারেজের সামনে পার্ক করে রাখা আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, দুর্বৃত্তরা বাসটির পেছনের দিকে আগুন দিয়ে পালিয়ে যায়। উপস্থিত লোকজন দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। অন্যদিকে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে যাত্রাবাড়ী চৌরাস্তার সামাদ সুপার মার্কেটের সামনে পরপর চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
যাত্রাবাড়ী থানার পুলিশ জানিয়েছে, বিস্ফোরণে একজন রিকশাচালক আহত হয়েছেন। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পৃথক এসব ঘটনায় কারা জড়িত এবং বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের পেছনে কী কারণ রয়েছে তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।













