ভাইভার নম্বর ৪০০ করার উদ্যোগ, কঠোর কর্মসূচির হুমকি নাহিদের

- আপডেট সময় : ০৯:০৭:১০ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
- / ৫৫০ বার পড়া হয়েছে
সরকারি চাকরির নিয়োগে মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর উদ্যোগ নেওয়া হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেছেন, চাকরিতে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি বন্ধের কথা বলা হলেও এখন মৌখিক পরীক্ষার নম্বর ৪০০-তে বাড়ানোর চেষ্টা চলছে। সবার সঙ্গে আলোচনা না করে এমন সিদ্ধান্ত নেওয়া হলে সরকারের বিরুদ্ধে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন তিনি।
বুধবার বিকেলে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রশক্তি আয়োজিত ‘বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের রাজনৈতিক ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম বলেন, সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও মেধার মূল্যায়ন নিশ্চিত করতে হবে। কোনো পক্ষের সঙ্গে আলোচনা না করে ভাইভায় নম্বর বাড়ানো হলে তা মেনে নেওয়া হবে না। এ সময় তিনি সরকারের সমালোচনা করে বলেন, বাকস্বাধীনতার কথা বলা হলেও সমালোচনার কারণে শতাধিক মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন,
- চার চাকা চুরি করে গাড়িতে নোট রেখে গেল চোর!
- সালমান শাহ হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে খলনায়ক ডন
- প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠক
জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। জুলাই সনদ বাস্তবায়ন না হলে আরও বড় আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেন নাহিদ ইসলাম। তার ভাষায়, এমন আন্দোলন তৈরি করা হবে, যাতে সরকার টিকে থাকতে না পারে।
এ সময় জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলমসহ দলটির অন্যান্য নেতাকর্মীরা বক্তব্য দেন। সভায় সভাপতিত্ব করেন জাতীয় ছাত্রশক্তির বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মোহাম্মদ বেলাল। আলোচনা সভা শেষে ‘জুলাই ৩৬’ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

















