প্রধানমন্ত্রী তারেক রহমানকে ইউরোপীয় ইউনিয়নের আমন্ত্রণ

- আপডেট সময় : ০৮:৩০:১৭ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
- / ৫২২ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী তারেক রহমানকে গ্লোবাল গেটওয়ে ফোরাম ২০২৭-এ মূল বক্তব্য দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে ইউরোপীয় কমিশন। সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এই আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রস্তাবিত সফরের সময় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডের লায়েনের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকেরও সম্ভাবনা রয়েছে। সরকারের আশা, এই ফোরামে বাংলাদেশের অংশগ্রহণের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের গ্লোবাল গেটওয়ে উদ্যোগের আওতায় টেকসই অবকাঠামো, ডিজিটালায়ন, জ্বালানি, পরিবহন, স্বাস্থ্য ও শিক্ষা খাতে সহযোগিতা এবং নতুন বিনিয়োগের সুযোগ আরও সম্প্রসারিত হবে।
আরও পড়ুন,
বৈঠকে বাংলাদেশ-ইইউ সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, প্রস্তাবিত বাংলাদেশ-ইইউ বিজনেস ফোরাম ২০২৭, সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ এবং উচ্চপর্যায়ের সফর নিয়ে মতবিনিময় করেন উভয় পক্ষ। এ ছাড়া আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি, জাতিসংঘ-সংক্রান্ত বিভিন্ন বিষয় এবং দীর্ঘদিনের রোহিঙ্গা সংকটও আলোচনায় গুরুত্ব পায়।
আরও পড়ুন,
আগামী ৮ ও ৯ জুন অনুষ্ঠিত হতে যাওয়া গ্লোবাল গেটওয়ে ফোরাম ২০২৭-এ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বেসরকারি খাতের নেতারা অংশ নেবেন। ইউরোপীয় ইউনিয়নের বৈশ্বিক সংযোগ ও অবকাঠামো বিনিয়োগ কৌশলকে আরও এগিয়ে নেওয়াই এই ফোরামের মূল লক্ষ্য।

















