মাগুরায় পুলিশের এটিএসআইয়ের বিরুদ্ধে জমি দখল ও প্রভাব বিস্তারের অভিযোগ

- আপডেট সময় : ০৬:২৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
- / ৫৮৫ বার পড়া হয়েছে
মাগুরার মহম্মদপুরে পুলিশের এক সহকারী উপপরিদর্শকের (এটিএসআই) বিরুদ্ধে জমি দখলের চেষ্টা, পুলিশি পদ-পদবি ব্যবহার করে প্রভাব বিস্তার এবং সাধারণ মানুষকে ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে।
অভিযোগকারী গফফার জানান, মহম্মদপুর উপজেলার বিনোদপুর সরকারপাড়া এলাকায় ৫০ শতক জমি নিয়ে মোস্তাফিজুর রহমানের সঙ্গে তার লেনদেন হয়। অভিযোগ অনুযায়ী, জমিটির মূল্য ৮ লাখ টাকা নির্ধারণ করা হয়েছিল এবং বিভিন্ন সময়ে সম্পূর্ণ টাকা পরিশোধ করা হয়। পরবর্তীতে জমি বুঝে নিয়ে সেখানে ধান চাষ করেন ক্রেতা।
অভিযোগকারীর দাবি, জমির রেজিস্ট্রি সম্পন্ন হওয়ার আগেই স্থানীয় কয়েকজন ব্যক্তি, যাদের মধ্যে পুলিশের এটিএসআই শুকুরের নামও রয়েছে, ওই জমিতে ধান চাষে বাধা দেন। এতে রোপণ করা ধানের চারা নষ্ট হয়ে প্রায় ১০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
ভুক্তভোগীর আরও অভিযোগ, এটিএসআই শুকুরের বাড়ির জমির সীমানার সঙ্গে ওই জমির অবস্থান থাকায় তিনি জমির একটি অংশ নিজের নামে রেজিস্ট্রি করে নেওয়ার জন্য বিভিন্নভাবে চাপ প্রয়োগ করেন। পুলিশি পদ-পদবি ব্যবহার এবং স্থানীয় লোকজনের মাধ্যমে প্রভাব বিস্তারেরও অভিযোগ করেছেন তিনি।
অভিযোগ অনুযায়ী, পরবর্তীতে মহম্মদপুর থানার তৎকালীন ওসির মধ্যস্থতায় জমি নিয়ে একটি সমঝোতা হয়। এর পর ৮ দশমিক ৫০ শতক জমি এটিএসআই শুকুরের নামে ছেড়ে দিয়ে অবশিষ্ট ৪১ দশমিক ৫০ শতক জমি গত ২২ জুন রেজিস্ট্রি করা হয়েছে বলে দাবি করা হয়।
এদিকে, এটিএসআই শুকুরকে ঘিরে এলাকায় আরও বিভিন্ন অনিয়ম ও প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে বলেও দাবি স্থানীয়দের। তিনি নিজেকে কোনো এক মন্ত্রীর ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচয় দেন বা এমন কথা এলাকায় প্রচার করেন—এমন অভিযোগও করেছেন কয়েকজন স্থানীয় বাসিন্দা।
তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। অভিযোগের বিষয়ে এটিএসআই শুকুরের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয়দের দাবি, জমি সংক্রান্ত অভিযোগসহ এটিএসআই শুকুরের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে সত্যতা যাচাই করা হোক। একই সঙ্গে কোনো পুলিশ সদস্য পদ-পদবি ব্যবহার করে ব্যক্তিগত বিরোধ বা জমি সংক্রান্ত বিষয়ে প্রভাব বিস্তার করে থাকলে তার বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।


























