জুলাই স্মৃতি জাদুঘরে শেখ হাসিনার কল রেকর্ড শুনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

- আপডেট সময় : ০৬:৩০:২৬ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
- / ৫৩৯ বার পড়া হয়েছে
রাজধানীর শেরেবাংলা নগরে প্রতিষ্ঠিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধনের পর বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় জাদুঘরে সংরক্ষিত একটি লাল টেলিফোনে শেখ হাসিনার রেকর্ডকৃত কলের অডিও শোনেন তিনি।
বুধবার সকাল ৯টায় ফলক উন্মোচনের মাধ্যমে জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে তিনি জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন।
পরিদর্শনকালে জুলাই গণঅভ্যুত্থানকে ঘিরে সংরক্ষিত আলোকচিত্র, ঐতিহাসিক দলিল, স্মারক ও ঘটনাপ্রবাহভিত্তিক বিভিন্ন প্রদর্শনী পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী। একপর্যায়ে প্রদর্শনীতে রাখা লাল টেলিফোনের মাধ্যমে শেখ হাসিনার সংরক্ষিত কল রেকর্ডও শোনেন তিনি। জাদুঘরের বিভিন্ন গ্যালারিতে জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট, আন্দোলনের বিভিন্ন পর্যায়, আত্মত্যাগ এবং গুরুত্বপূর্ণ ঘটনাগুলো তুলে ধরা হয়েছে। প্রদর্শনী ঘুরে দেখার সময় সংশ্লিষ্টদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময়ও করেন প্রধানমন্ত্রী।
উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের মন্ত্রী, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, সংগ্রাম ও আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তা তুলে ধরতেই জাদুঘরটি প্রতিষ্ঠা করা হয়েছে।
উদ্বোধনের দিনটি বিশেষ অতিথি ও শহীদ পরিবারের সদস্যদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার ৬ আগস্ট থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য জাদুঘরটি উন্মুক্ত করে দেওয়া হবে।





























