কালীগঞ্জে শিক্ষার্থীদের দক্ষতা ও ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক মোটিভেশনাল সেমিনার

- আপডেট সময় : ০২:৫৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
- / ৫২০ বার পড়া হয়েছে
‘মানসম্মত শিক্ষা, দক্ষ মানবসম্পদ, সমৃদ্ধ বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জে শিক্ষার্থীদের দক্ষতা ও ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক মোটিভেশনাল সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলার হাট বারবাজার মাধ্যমিক বিদ্যালয়ে এ সেমিনারের আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। সেমিনারে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, ক্যারিয়ার পরিকল্পনা, ডিজিটাল দক্ষতা, যোগাযোগ দক্ষতা, নেতৃত্বের গুণাবলি ও আত্মবিশ্বাস বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
সেমিনারের উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও বর্তমানে সরকারি বিভিন্ন দপ্তরে কর্মরত সুশান্ত কুমার, সোহান সিদ্দিকী, ড. হাসান নাসরুল্লাহ আনাস, সুলতানাউল আরেফিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও বিসিএস ক্যাডাররা।
বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সময়োপযোগী বিভিন্ন দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা যথেষ্ট নয়; এর পাশাপাশি প্রযুক্তিগত জ্ঞান, যোগাযোগ দক্ষতা, নেতৃত্বের গুণাবলি ও আত্মবিশ্বাস অর্জন জরুরি। শিক্ষার্থীদের নিজেদের আগ্রহ, মেধা ও যোগ্যতা অনুযায়ী ক্যারিয়ার নির্ধারণ করে এখন থেকেই সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তারা।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রয়োজনীয় দক্ষতা অর্জনে উৎসাহিত করা এবং ভবিষ্যৎ ক্যারিয়ার সম্পর্কে সচেতন করে তোলাই এ সেমিনারের মূল উদ্দেশ্য। সেমিনারের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের যোগ্যতা ও আগ্রহ অনুযায়ী ক্যারিয়ার নির্বাচন এবং সেই লক্ষ্যে প্রস্তুতি নেওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা পেয়েছে।



























