শিক্ষার্থীদের উপস্থিতি ও পঠন দক্ষতা বৃদ্ধিতে কালীগঞ্জে উঠান বৈঠক

- আপডেট সময় : ১০:৪৩:০৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
- / ৫২১ বার পড়া হয়েছে
ঝিনাইদহের কালীগঞ্জে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি ও পঠন দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে অভিভাবকদের সচেতন করতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কালীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রোকনুজ্জামানের নির্দেশনায় মথনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও এসটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানো এবং পঠন দক্ষতা উন্নয়নে অভিভাবকদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সন্তানদের পড়াশোনার অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ এবং বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের শিক্ষাজীবনে সফলতার জন্য বিদ্যালয়ের পাশাপাশি পরিবারের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিভাবকরা সন্তানদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানোর পাশাপাশি বাড়িতেও পড়াশোনার উপযুক্ত পরিবেশ তৈরি করলে তাদের শিক্ষার মান ও পঠন দক্ষতা আরও বৃদ্ধি পাবে।
উঠান বৈঠকে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



























