রাষ্ট্রপতি হওয়ার পর প্রথম জেলা সফর, ঠাকুরগাঁও যাচ্ছেন মির্জা ফখরুল

- আপডেট সময় : ০৯:০১:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
- / ৫২০ বার পড়া হয়েছে
রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর প্রথম জেলা সফরে আগামী ৩০ আগস্ট ঠাকুরগাঁও যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুই দিনের সফর শেষে ৩১ আগস্ট ঢাকায় ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতির। রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে প্রশাসনিক প্রস্তুতি শুরু হয়েছে। রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের যাতায়াত, আবাসন ও যানবাহনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার বঙ্গভবনের প্রটোকল শাখা থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো চিঠিতে বলা হয়, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩০ ও ৩১ আগস্ট ঠাকুরগাঁও জেলা সফর করবেন। সফর শেষে ৩১ আগস্ট তিনি ঢাকায় প্রত্যাবর্তন করবেন।
চিঠিতে রাষ্ট্রপতি ও সফরসঙ্গীদের গমনাগমনের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা, আবাসন এবং যানবাহনের ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। তবে সফরের বিস্তারিত কর্মসূচি ও সফরসঙ্গীদের অনুমোদিত তালিকা পরবর্তী সময়ে পাঠানো হবে বলে জানানো হয়েছে। এর আগে, ২০ আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ পান ৮৮ ভোট।
পরদিন ২১ আগস্ট সন্ধ্যায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শপথের পর ঠাকুরগাঁও সফরই হতে যাচ্ছে তার প্রথম জেলা সফরগুলোর একটি। রাষ্ট্রপতির সফর ঘিরে ইতোমধ্যে স্থানীয় প্রশাসনে প্রস্তুতি শুরু হয়েছে।



























