উত্তরায় প্রকাশ্যে পেট্রলপাম্পের ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই

- আপডেট সময় : ১২:০৯:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
- / ৫৩১ বার পড়া হয়েছে
রাজধানীর উত্তরা এলাকায় ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে একটি পেট্রলপাম্পের কর্মচারীকে কুপিয়ে ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাই করেছে সশস্ত্র দুর্বৃত্তরা। রোববার সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দর সড়কের ক্রাউন প্লাজার সামনে ঘটে এ ঘটনা। মোটরসাইকেলে এসে প্রকাশ্যে কাভার্ডভ্যান থামিয়ে টাকা ছিনতাইয়ের পুরো ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, পেট্রলপাম্পের বিক্রির টাকা উত্তরা ১ নম্বর সেক্টরের একটি ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। পথে তিনটি মোটরসাইকেলে করে আসা ৬ থেকে ৭ জন সশস্ত্র ব্যক্তি কভার্ডভ্যানটির গতিরোধ করে। এ সময় দুর্বৃত্তরা পিস্তলের ভয় দেখিয়ে এবং চাপাতি দিয়ে এক কর্মচারীকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে টাকাভর্তি ব্যাগ নিয়ে আব্দুল্লাহপুরের দিকে পালিয়ে যায় তারা।
আহত কর্মচারীকে উদ্ধার করে কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে। এ ঘটনায় ডিএল পেট্রলপাম্পের ম্যানেজার আব্দুল করিম বাদী হয়ে বিমানবন্দর থানায় ৬ থেকে ৭ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন।
ডিএমপি উত্তরা বিভাগের উপকমিশনার তারেক আহমেদ বেগ জানিয়েছেন, সাপ্তাহিক ছুটির কারণে দুই দিনের জমা করা প্রায় ১ কোটি ২১ লাখ টাকা রোববার একসঙ্গে ব্যাংকে নেওয়া হচ্ছিল। পুলিশের ধারণা, নিয়মিত একই সময়ে বিপুল পরিমাণ টাকা ব্যাংকে নেওয়ার বিষয়টি আগে থেকেই নজরদারিতে রেখেছিল ছিনতাইকারীরা।
ঘটনার পর ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ ও একাধিক তদন্ত দল কাজ শুরু করেছে। পাশাপাশি ভাইরাল হওয়া ভিডিওসহ বিভিন্ন আলামত বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। রাজধানীর ব্যস্ত সড়কে দিনের বেলায় এমন প্রকাশ্য ছিনতাইয়ের ঘটনায় স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ ও আতঙ্ক।



























