এক ঘণ্টার বৃষ্টিতেই নিউমার্কেটে হাঁটুপানি

- আপডেট সময় : ০১:১৯:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
- / ৫১৮ বার পড়া হয়েছে
সামান্য বৃষ্টিতেই রাজধানীর ব্যস্ততম নিউমার্কেট এলাকায় দেখা দিয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। মাত্র এক ঘণ্টার টানা বৃষ্টিতে বিভিন্ন সড়কে হাঁটু পরিমাণ পানি জমে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন ক্রেতা, ব্যবসায়ী, পথচারী ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা।
সোমবার ১০ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে শুরু হয় টানা বৃষ্টি। এক ঘণ্টার মধ্যেই নিউমার্কেট ও আশপাশের বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে যায়। পরে বৃষ্টি কিছুটা কমলেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি অব্যাহত ছিল। সরেজমিনে দেখা যায়, চন্দ্রিমা সুপার মার্কেট, নূরজাহান মার্কেট, ঢাকা কলেজের মূল ফটক, নায়েমের গলি থেকে টিচার্স ট্রেনিং কলেজ এবং নিউমার্কেটের দ্বিতীয় ফটক পর্যন্ত বিভিন্ন অংশে পানি জমে রয়েছে।
কোথাও কোথাও হাঁটুসমান পানি থাকায় পথচারীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। জলাবদ্ধতার কারণে যান চলাচলও ধীর হয়ে পড়ে। এতে রিকশাসহ ছোট যানবাহনের ভাড়াও প্রায় দ্বিগুণ হয়ে যায় বলে অভিযোগ করেছেন যাত্রীরা। ঢাকা কলেজের মূল ফটক ও নায়েমের গলিতে পানি জমে থাকায় আবাসিক হলের শিক্ষার্থীদেরও পড়তে হয়েছে দুর্ভোগে। প্রয়োজনীয় কাজে বাইরে বের হওয়া কিংবা হলে ফেরার সময় পানি মাড়িয়েই চলাচল করতে হচ্ছে তাদের।
অন্যদিকে, জলাবদ্ধতার কারণে ক্রেতাদের উপস্থিতি কমে যাওয়ায় ব্যবসায়ীদের বেচাকেনাতেও নেতিবাচক প্রভাব পড়েছে। নূরজাহান সুপার মার্কেটের ব্যবসায়ী আব্দুল গফুর বলেন, দীর্ঘদিন ধরে এই এলাকায় ব্যবসা করছেন তিনি। সামান্য বৃষ্টি হলেই মার্কেটের সামনে পানি জমে যায়। ফলে ক্রেতা কমে গিয়ে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হন। ঢাকা কলেজের শিক্ষার্থী মিজান জানান, বৃষ্টি হলেই কলেজের গেট থেকে নায়েমের গলি ও হলপাড়া পর্যন্ত জলাবদ্ধতা তৈরি হয়। পানি জমে থাকায় দৈনন্দিন প্রয়োজনেও বাইরে বের হওয়া কঠিন হয়ে পড়ে।
ভুক্তভোগীদের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই যদি রাজধানীর গুরুত্বপূর্ণ একটি এলাকায় হাঁটুপানি জমে যায়, তাহলে ভারী বৃষ্টিতে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা রয়েছে। তাই নিউমার্কেট ও আশপাশের এলাকার জলাবদ্ধতা নিরসনে কার্যকর ও স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী, শিক্ষার্থী ও পথচারীরা।



























