এইচএসসি ও সমমান পরীক্ষার চতুর্থ দিনে বহিষ্কার ৯৫, অনুপস্থিতি ২.৬২ শতাংশ

- আপডেট সময় : ০৩:০১:২৯ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
- / ৫২৮ বার পড়া হয়েছে
দেশজুড়ে অনুষ্ঠিত এইচএসসি ও সমমান পরীক্ষার চতুর্থ দিনে অসদুপায় অবলম্বনের অভিযোগে মোট ৯৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় ৮০ জন, মাদরাসা শিক্ষা বোর্ডে ৩ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১২ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হন। একই দিনে সাধারণ শিক্ষা বোর্ডে অনুপস্থিতির হার ছিল ২ দশমিক ৬২ শতাংশ। বুধবার পরীক্ষা শেষে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় অংশ নিলেন ৮ লাখ ৮৩ হাজারের বেশি পরীক্ষার্থী
আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ৯ লাখ ৬ হাজার ৯২৩ জন। দেশের ১ হাজার ৫০৬টি কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নেন ৮ লাখ ৮৩ হাজার ১৮৮ জন। অনুপস্থিত ছিলেন ২৩ হাজার ৭৩৫ জন, যা মোট পরীক্ষার্থীর ২ দশমিক ৬২ শতাংশ।
কুমিল্লা বোর্ডে সর্বোচ্চ ২০ জন বহিষ্কার
বোর্ডভিত্তিক বহিষ্কারের তথ্য অনুযায়ী, কুমিল্লা শিক্ষা বোর্ডে সর্বোচ্চ ২০ জন পরীক্ষার্থী বহিষ্কার হন। এছাড়া দিনাজপুর বোর্ডে ১৮ জন, বরিশাল ও ময়মনসিংহ বোর্ডে ১০ জন করে, ঢাকা বোর্ডে ৯ জন, যশোর বোর্ডে ৮ জন, রাজশাহী বোর্ডে ৭ জন এবং সিলেট বোর্ডে ২ জন বহিষ্কৃত হন।
অনুপস্থিতির সংখ্যায় শীর্ষে ঢাকা বোর্ড
ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় ঢাকা শিক্ষা বোর্ডে ৬ হাজার ৬৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এছাড়া রাজশাহী বোর্ডে ৩ হাজার ৬৭৬ জন, যশোর বোর্ডে ৩ হাজার ৪২৯ জন, দিনাজপুর বোর্ডে ৩ হাজার ৩৪ জন, কুমিল্লা বোর্ডে ২ হাজার ৪২৭ জন, ময়মনসিংহ বোর্ডে ১ হাজার ৮৩৩ জন, বরিশাল বোর্ডে ১ হাজার ৭১৯ জন এবং সিলেট বোর্ডে ১ হাজার ৫৪৮ জন পরীক্ষায় অংশ নেননি।
আলিম পরীক্ষায় বহিষ্কার ৩, অনুপস্থিতি ৬.৬৩ শতাংশ
মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত আলিমের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ পরীক্ষায় মোট ৭৪ হাজার ৭৭৫ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা থাকলেও অংশ নেন ৬৯ হাজার ৮১৭ জন। অনুপস্থিত ছিলেন ৪ হাজার ৯৫৮ জন। সারা দেশের ৪২৩টি কেন্দ্রে অনুষ্ঠিত এ পরীক্ষায় অনুপস্থিতির হার ছিল ৬ দশমিক ৬৩ শতাংশ।
কারিগরি বোর্ডে বহিষ্কার ১২ পরীক্ষার্থী
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশন এবং পদার্থবিজ্ঞান-২ বিষয়ে অনুষ্ঠিত পরীক্ষায় ১২ জন পরীক্ষার্থী বহিষ্কার হন। মোট ৮১ হাজার ১৩১ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৮ হাজার ৩১৫ জন পরীক্ষায় অংশ নেন। অনুপস্থিত ছিলেন ২ হাজার ৮১৬ জন। ৫৮২টি কেন্দ্রে অনুষ্ঠিত এ পরীক্ষায় অনুপস্থিতির হার ছিল ৩ দশমিক ৪৭ শতাংশ।
বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা স্থগিত
এদিকে চলমান বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তী সময়ে স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করা হবে।






























