প্রাকৃতিক দুর্যোগে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব: ডা. শফিকুর রহমান

- আপডেট সময় : ১২:৩৮:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
- / ৫২৪ বার পড়া হয়েছে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। শুক্রবার চট্টগ্রামের বন্যাকবলিত বাঁশখালী ও সাতকানিয়া এলাকা পরিদর্শন এবং দুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ শেষে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, সাম্প্রতিক বন্যায় ঘরবাড়ি, ফসল ও সহায়-সম্পদ হারিয়ে বহু মানুষ মানবেতর জীবনযাপন করছেন। ক্ষতিগ্রস্ত প্রত্যেক মানুষ যেন তাদের ন্যায্য সরকারি সহায়তা পান, সে বিষয়ে সরকারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। এ সময় তিনি উদ্ধার কার্যক্রম আরও জোরদার করা, পর্যাপ্ত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনে কার্যকর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান।
ত্রাণ বিতরণ শেষে জামায়াত আমির বলেন, মানুষের দুর্দিনে জনগণের পাশে দাঁড়ানোই রাজনীতির অন্যতম দায়িত্ব। তিনি জানান, বন্যাকবলিত এলাকায় দলের ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য সব শাখাকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং কেন্দ্র থেকে সার্বিক কার্যক্রম সমন্বয় করা হচ্ছে।
এর আগে শুক্রবার সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে তিনি সরাসরি বন্যাদুর্গত এলাকায় যান। দিনব্যাপী সফরে তিনি জলাবদ্ধতা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন এবং দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন।





























