বাংলাদেশের আর্জেন্টিনা উন্মাদনায় মুগ্ধ দুই আর্জেন্টাইন ঢাকায়

- আপডেট সময় : ০১:১২:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
- / ৫১৯ বার পড়া হয়েছে
ফিফা বিশ্বকাপের ফাইনাল ঘিরে বিশ্বজুড়ে চলছে উন্মাদনা। সেই উন্মাদনার এক অনন্য উদাহরণ তৈরি হয়েছে বাংলাদেশে। প্রিয় দল আর্জেন্টিনার ফাইনাল ম্যাচ বাংলাদেশি সমর্থকদের সঙ্গে বসে উপভোগ করতে থাইল্যান্ড থেকে ঢাকায় এসেছেন দুই আর্জেন্টাইন নাগরিক ফার্নান্দা ও জনাথান।
থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর সোনিয়া মুন্নি সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে এই ঘটনা তুলে ধরেছেন। তিনি জানান, ফার্নান্দা ও জনাথান প্রায় এক মাস ধরে থাইল্যান্ডে অবস্থান করছিলেন। আর্জেন্টিনা সেমিফাইনালে জয় পাওয়ার পর তারা সিদ্ধান্ত নেন, নিজ দেশের ফাইনাল ম্যাচ বাংলাদেশের সমর্থকদের সঙ্গে উদযাপন করবেন।
থাইল্যান্ডের চিয়াংমাই শহর থেকে তারা বিমানে ব্যাংককে আসেন এবং বাংলাদেশে আসার জন্য দ্রুত ভিসা সংগ্রহ করেন। ভিসার সময় তারা বাংলাদেশে আর্জেন্টিনার খেলা দেখার একটি ভিডিও দেখিয়ে জানতে চান, জায়গাটি কোথায়। পরে জানা যায়, সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকা—যেখানে হাজারো বাংলাদেশি সমর্থক আর্জেন্টিনার ম্যাচ উপভোগ করেন।
আরও পড়ুন,
- জুলাই বিপ্লবে শহীদ সাংবাদিক তুরাব হত্যার দুই বছর: বিচারের আশায় স্বজনরা
- দেশে আসছে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস, বদলে যাবে গণপরিবহন
- উচ্চপদস্থ কর্মকর্তার পরিচয়ে অবৈধ সুবিধা আদায়
সোনিয়া মুন্নি জানান, বাংলাদেশের ফুটবলপ্রেমীদের আবেগ ও ভালোবাসা দেখে মুগ্ধ হয়েছেন ওই দুই আর্জেন্টাইন নাগরিক। ফার্নান্দা তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি দিয়ে লিখেছেন, ‘যখন আপনার সবচেয়ে কাছের জিনিসটিই হলো বাংলাদেশ।’ বাংলাদেশ দূতাবাসের এই কর্মকর্তা বলেন, খেলাধুলা ও আবেগ কীভাবে ভৌগোলিক সীমারেখা পেরিয়ে দুই দেশের মানুষকে এক করে দেয়, এই ঘটনা তারই উদাহরণ।
আগামীকাল বাংলাদেশ সময় রাত ১টায় অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বিশ্বকাপ ফাইনাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় বাংলাদেশি সমর্থকদের সঙ্গে সেই ম্যাচের উত্তেজনায় অংশ নেবেন ফার্নান্দা ও জনাথান।




























