আগামীকাল বঙ্গভবন ছাড়ছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

- আপডেট সময় : ১০:৩৯:০৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
- / ৫৪৪ বার পড়া হয়েছে
শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগের একদিন পর আগামীকাল রোববার বঙ্গভবন ছাড়ছেন সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। টানা ৩ বছর ৪ মাস দায়িত্ব পালনের পর তিনি রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সপরিবারে ফিরে যাবেন।
শনিবার গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে মো. সাহাবুদ্দিন জানান, চিকিৎসার জন্য শিগগিরই তিনি সিঙ্গাপুর অথবা ব্যাংককে যাবেন। সম্মিলিত সামরিক হাসপাতাল বা সিএমএইচ থেকে তাকে বিদেশে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তিনি জানান, তার স্ত্রী রেবেকা সুলতানাও অসুস্থ। তাই দুজন একসঙ্গেই চিকিৎসার উদ্দেশ্যে বিদেশে যাবেন।
শুক্রবার দেওয়া পদত্যাগপত্রে মো. সাহাবুদ্দিন উল্লেখ করেন, তিনি হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছেন। সম্প্রতি তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। এছাড়া তিনি ‘অটোনোমিক নিউরোপ্যাথি’ নামের জটিল রোগে আক্রান্ত, যার কারণে মাঝে-মধ্যেই স্বল্প সময়ের জন্য অচেতন হয়ে পড়েন।
সাবেক রাষ্ট্রপতি জানান, বঙ্গভবন ছাড়ার প্রস্তুতি হিসেবে কয়েকদিন ধরেই তার ব্যক্তিগত মালামাল গুলশানের বাসভবনে সরিয়ে নেওয়া হয়েছে। একই সঙ্গে বাসাটির সংস্কার ও পরিচ্ছন্নতার কাজও সম্পন্ন হয়েছে। উল্লেখ্য, ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মো. সাহাবুদ্দিন। তবে নির্ধারিত পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার প্রায় এক বছর আট মাস আগেই তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেন।
সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সাংবিধানিক বিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।






























