বগুড়া আদালত চত্বরে এনসিপির বহিষ্কৃত নেতা তানভীরকে ডিম নিক্ষেপ

- আপডেট সময় : ১১:৪৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
- / ৫৪৩ বার পড়া হয়েছে
বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার এনসিপির বহিষ্কৃত নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে আদালত চত্বরে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে তাকে কারাগারে নেওয়ার সময় কয়েকজন ছাত্রদল নেতাকর্মী তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। এর আগে বুধবার ভোরে রাজধানীর মণিপুরী এলাকার একটি আবাসিক ভবন থেকে সাইবার সুরক্ষা আইনের মামলায় তানভীরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরে তাকে বগুড়ার আদালতে হাজির করা হয়।
শুনানি শেষে সদর আমলি আদালতের বিচারক ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান সন্ধান সরকার বলেন, তানভীর গ্রেপ্তারের খবর পেয়ে সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের সদস্য সচিব রাফিউল আল আমিনের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী সকাল থেকেই আদালত চত্বরে অবস্থান নেন। আদালত থেকে তাকে কারাগারে নেওয়ার সময় তারা বিক্ষোভ করেন। এ সময় উপস্থিত কয়েকজন ব্যক্তি তানভীরকে লক্ষ্য করে ডিম ছোড়েন।
সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের সদস্য সচিব রাফিউল আল আমিন অভিযোগ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে তানভীরসহ কয়েকজন আপত্তিকর মন্তব্য করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছেন। তিনি তানভীরের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। বগুড়া গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার জানান, আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে। আদালত প্রাঙ্গণের পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে ছিল এবং বড় ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।




























