৯ম পে-স্কেলের দাবিতে সরকারি কর্মচারীদের নতুন কর্মসূচি

- আপডেট সময় : ০১:৪০:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
- / ৫১৪ বার পড়া হয়েছে
৯ম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ।
সংগঠনটির ঘোষণা—আগামী ৩১ আগস্টের মধ্যে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ না হলে ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে ধারাবাহিক আন্দোলন। এমনকি ২ অক্টোবর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধানমন্ত্রীর গুলশান কার্যালয় অভিমুখে পদযাত্রার কর্মসূচিও ঘোষণা করা হয়েছে। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত প্রতিনিধি সমাবেশ থেকে এসব কর্মসূচি ঘোষণা করা হয়।
সমাবেশে সংগঠনের মুখ্য সমন্বয়ক মো. ওয়ারেছ আলী বলেন, সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি নিয়ে আগের সরকার, অন্তর্বর্তী সরকার এবং পরবর্তী নির্বাচিত সরকারও প্রত্যাশিত পদক্ষেপ নেয়নি। এ অবস্থায় ৭ দফা দাবি বাস্তবায়নে আন্দোলনে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের প্রধান দাবি, ১:৪ অনুপাতে ১২টি গ্রেডে সর্বনিম্ন ৩৫ হাজার টাকা বেতন নির্ধারণ করে বৈষম্যহীন ৯ম পে-স্কেলের গেজেট ৩১ আগস্টের মধ্যে প্রকাশ করতে হবে।
এ ছাড়া ২০১৫ সালের পে-স্কেলে বাতিল হওয়া টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল, ব্লক পোস্টসহ বিভিন্ন পদে পদোন্নতির ব্যবস্থা, পাঁচ বছর পরপর উচ্চতর গ্রেড এবং টেকনিক্যাল কর্মীদের টেকনিক্যাল পদের মর্যাদা দেওয়ার দাবি জানানো হয়েছে। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পেনশন চালু, গ্রাচ্যুইটির হার ১০০ শতাংশ করা, উন্নয়ন প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তরিত কর্মীদের চাকরিকাল গণনা এবং বিদ্যমান ভাতা পুনর্নির্ধারণের দাবিও রয়েছে।
আন্দোলনের ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে—১ সেপ্টেম্বর নিজ নিজ দপ্তরের মূল ফটকে ৩০ মিনিট অবস্থান ও স্মারকলিপি প্রদান। ৬ সেপ্টেম্বর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হবে। এ ছাড়া ১ থেকে ২৪ সেপ্টেম্বর দেশের বিভিন্ন বিভাগে প্রতিনিধি সম্মেলন এবং ২ অক্টোবর কেন্দ্রীয় শহীদ মিনারে সরকারি কর্মচারীদের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।
সেখান থেকেই প্রধানমন্ত্রীর গুলশান কার্যালয় অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়েছে সংগঠনটি। বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠনের নেতারা সমাবেশে সংহতি জানিয়ে ৯ম পে-স্কেল বাস্তবায়ন এবং বেতন ও পদ বৈষম্য দূর করতে সরকারের সরাসরি হস্তক্ষেপ দাবি করেছেন।






























