রাজধানীতে চেকপোস্টে ২৫ লাখ ৯০ হাজার টাকা উদ্ধার, আটক ২

- আপডেট সময় : ১২:৪৭:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
- / ৫১৮ বার পড়া হয়েছে
রাজধানীর শেরেবাংলানগরের মুক্তিযুদ্ধ জাদুঘরের সামনে চেকপোস্ট পরিচালনা করে ২৫ লাখ ৯০ হাজার টাকা উদ্ধার করেছে শেরেবাংলানগর থানা পুলিশ। টাকার উৎস সম্পর্কে সন্তোষজনক তথ্য দিতে না পারায় মো. ইসরাফিল (২৫) ও সালমা আক্তার ঝর্ণা (৪০) নামে দুজনকে আটক করা হয়েছে।
ডিএমপির এডিসি (মিডিয়া) নিয়াজ মেহেদী জানান, বুধবার (১৯ আগস্ট) রাতে মুক্তিযুদ্ধ জাদুঘরের সামনে চেকপোস্ট পরিচালনার সময় একটি রিকশা থামিয়ে যাত্রীর বহন করা ব্যাগে তল্লাশি চালানো হয়। এ সময় ব্যাগ থেকে ২৫ লাখ ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ব্যাগটি বহনকারী রিকশার যাত্রী মো. ইসরাফিলের কাছে টাকার বিষয়ে জানতে চাইলে তিনি এর উৎস সম্পর্কে সন্তোষজনক কোনো তথ্য দিতে পারেননি। পরে সালমা আক্তার ঝর্ণা নামে এক নারী ঘটনাস্থলে এসে উদ্ধার করা টাকা নিজের বলে দাবি করেন। তবে তিনিও টাকার উৎস সম্পর্কে পুলিশকে সন্তোষজনক কোনো তথ্য দিতে পারেননি।
এ ঘটনায় উদ্ধার করা ২৫ লাখ ৯০ হাজার টাকা জব্দ করেছে পুলিশ। পাশাপাশি মো. ইসরাফিল ও সালমা আক্তার ঝর্ণার বিরুদ্ধে শেরেবাংলানগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আটক দুজনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।



























