আমরাও চাই শেখ হাসিনা দেশে ফিরবেন, ফাঁসি কার্যকর হবে: নাহিদ ইসলাম

- আপডেট সময় : ১১:৫০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
- / ৫২০ বার পড়া হয়েছে
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের পর দেশ ছেড়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাঁর বিরুদ্ধে আদালতের দেওয়া রায় কার্যকর করা উচিত। শুক্রবার রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আন্তর্জাতিক ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (এমএসএমই) দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনা কীভাবে দেশে ফিরবেন, আত্মসমর্পণ করবেন কি না এবং তাঁকে কীভাবে আইনের আওতায় আনা হবে—এসব বিষয় বাংলাদেশ সরকারই নির্ধারণ করবে। এ বিষয়ে সরকারের সঙ্গে ভারতের আলোচনা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, শেখ হাসিনা ব্যক্তিগত সিদ্ধান্তে দেশে ফিরতে পারবেন না এবং তাঁর প্রত্যাবর্তন নিয়ে কোনো রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির চেষ্টা হলে সরকারকে তা যথাযথভাবে মোকাবিলা করতে হবে। অন্যথায় এর দায় সরকারের ওপরই বর্তাবে বলে মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, দলগতভাবে বিচারের যে উদ্যোগের কথা সরকার বলছে, সেটিই সঠিক পথ। এদিকে অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিভিন্ন ঋণ সুবিধা তুলে ধরা হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলার ১৪ জন উদ্যোক্তা, জুলাই আন্দোলনের কয়েকজন শহীদের স্বজন এবং একজন প্রশিক্ষককে সম্মাননা প্রদান করা হয়।





























